খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

'জলবায়ু সহনশীলতার জন্য শিশু নেতৃত্ব' এ প্রতিপাদ্যে খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন। গতকাল মঙ্গলবার খুলনার সিএসএস আভা সেন্টারে 'জাগ্রত যুব সংঘ' (জেজেএস) ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরামের (কেএনএইচ) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের দুর্ভোগ নতুন নয়। গত ৩০-৪০ বছর ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য দুর্যোগের পর একই ধরনের ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের চিত্র দেখা যাচ্ছে। কিন্তু এসব সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল থেকে বাস্তুচ্যুত হয়ে খুলনা শহরে আসা মানুষ বস্তিতে মানবেতর জীবনযাপন করছেন। সেখানে শিশুদের শিক্ষা, স্যানিটেশন, কর্মসংস্থান ও নিরাপদ বাসস্থানের সংকট রয়েছে। জলবায়ু সংকট মোকাবিলায় বিকল্প কর্মসংস্থান, লবণসহিষ্ণু ফসল উৎপাদন, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা প্রয়োজন। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, দুর্যোগের পর ত্রাণ দেওয়া হলেও তা স্থায়ী পুনর্বাসনের বিকল্প নয়। তাই ভবিষ্যতে পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নিতে হবে। এছাড়াও উপকূলীয় এলাকার সাইক্লোন সেন্টারের সংস্কার, পর্যাপ্ত স্যানিটেশন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে হবে। শিশুদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, শিশুরা এখন শুধু সমস্যার কথা বলতে চায় না, তারা সমাধানের অংশীদার হতে চায়। ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা রক্ষায় শুধু সেমিনার বা আলোচনা নয়, এসব সুপারিশ রাষ্ট্রীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু বিদেশি অর্থায়নের ওপর নির্ভর না করে দেশের নিজস্ব অর্থায়নের সুযোগ তৈরি করা দরকার। সম্মেলনে শিশু প্রতিনিধিরা বলেন, 'আমরা শুধু সমস্যার কথা বলতে চাই না, সমাধানের অংশ হতে চাই।' শিশুদের ভাষায়, 'শিশুদের নিয়ে সিদ্ধান্ত নয়, শিশুদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।