গাজীপুরে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স অটোমেশন সফটওয়্যারের 'সফট লঞ্চ' করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জিসিসির নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ অটোমেশন সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে নতুন এ ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডিজিটাল সেবা চালুর ফলে নগরবাসী ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের আবেদন, প্রয়োজনীয় তথ্য জমা, ফি প্রদানসহ আনুষঙ্গিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জনগণের দোরগোড়ায় ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সুবিধা নির্বিঘ্নে পৌঁছে দিতে এ ডিজিটাল পদক্ষেপ নেয়া হয়েছে। এটি জিসিসির সেবাব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা। পর্যায়ক্রমে অন্যান্য সেবাও অনলাইন প্রসেসের আওতায় আনা হবে, যা নাগরিকদের সময় ও অর্থ বাঁচানোর পাশাপাশি ভোগান্তি কমাবে। সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, সঠিক হোল্ডিং ম্যাপিং এবং তথ্যভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজস্ব বাড়াতে সংস্থাটি কাজ করছে। বিদ্যমান কারিগরি ও লজিস্টিক চ্যালেঞ্জ সমাধান করে ভবিষ্যতে অন্যান্য সেবাসহ প্রয়োজনে মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, সংস্থাটির হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, পানির বিল, ইজারার অর্থ ও মার্কেট ভাড়াসহ সব লেনদেন ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।