কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার সব ইউনিট ও জেলা গোয়েন্দা পুলিশ একযোগে এ অভিযান চালায়।

গতকাল সোমবার জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বুধবার কুমিল্লায় একরাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। পরে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়; ১৭৩ জনকে পাঠানো হয় আদালতে। এছাড়াও গত শনিবার রাতে ২৫৪ জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ১৪৬ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন অভিযোগে ১০৮ জনকে আদালতে তোলা হয়।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে- যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন। তিনি বলেন, রোববারের অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ সেপ্টেম্বর বিকালে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম নিখোঁজ হন। পরদিন দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানান্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।