রংপুরে ১১৫ সরকারি অফিসের মধ্যে শতভাগ তথ্য হালনাগাদ মাত্র ১৪টির

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে জেলা তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত ১১৫টি সরকারি অফিসের মধ্যে মাত্র ১৪টি অফিসের ওয়েবসাইটে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। বাকিগুলোর মধ্যে ৩৩টি অফিসে রয়েছে ৮৬ শতাংশ (অধিকাংশ বিদ্যমান), ৩২টিতে ৭১ শতাংশ (আংশিক ঘাটতি), ২২টিতে ৫৭ শতাংশ (মধ্যম ঘাটতি), ১২টিতে ৫০ শতাংশ এবং তিনটি অফিসের হালনাগাদ তথ্য একেবারেই নিষ্ক্রিয় রয়েছে।

গততাল সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি- সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য-'ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা'। অনুষ্ঠানে টিআইবি রংপুর অফিসের এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির তথ্য অধিকার আইন ও জেলার সরকারি অফিসগুলোর ওয়েবসাইট হালনাগাদ সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন।

তিনি আরও জানান, টিআইবি গত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ১১৫টি সরকারি অফিসের ওয়েবসাইট পর্যবেক্ষণকালে নোটিশ বোর্ড, অফিস প্রধানের তথ্য, সিটিজেন চার্টার, যোগাযোগ, খবর, কর্মকর্তা-কর্মচারী ও তথ্য প্রদানকারী কর্মকর্তা (ডিও) ক্যাটাগরি যাচাই করে। এতে ২০২৫ সালে ওয়েবসাইটে নোটিশ বোর্ড হালনাগাদ ছিল ৬৮ শতাংশ, যা এবছর ১৫ শতাংশ কমে ৫১ শতাংশ হয়েছে। এছাড়া, খবরে ২২ শতাংশের জায়গায় কমে হয়েছে ১৭ শতাংশ। অফিস প্রধানের তথ্য ১৬ শতাংশ বেড়ে হয়েছে ১০৮ শতাংশ। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য গত বছরের মতো অপরিবর্তিত রয়েছে ১০৯ শতাংশ। সিটিজেন চার্টার ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০১ শতাংশ। তথ্য প্রদানকারী কর্মকর্তার ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৮ শতাংশ এবং যোগাযোগ তথ্য ৬৭ শতাংশ থেকে বেড়ে ১০২ শতাংশে দাঁড়িয়েছে। সভায় জানানো হয়, কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে চলে গেলেও সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটে এখনও পুরোনো তথ্য বিদ্যমান এবং অধিকাংশ কর্মীর তালিকায় ফোন নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ নেই।

আলমগীর কবির বলেন, সরকারি সেবা খাতে অবাধ তথ্য প্রবাহ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতে বর্তমান চিত্র মূল্যায়ন, তথ্য ঘাটতি ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে হালনাগাদ নিশ্চিতকরণ করতেই টিআইবি সরকারি ১১৫টি অফিসের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেছে। এই পর্যবেক্ষণে পাওয়া সবগুলো তথ্য জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে, যাতে করে জনসাধারণের তথ্য জানার অধিকার সুগম করে দুর্নীতি হ্রাস ও প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পায়।