চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে গেইট পাসে বেশি টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে কনটেইনারবাহী গাড়ির এক কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। এরই জেরে ঘোষিত কর্মবিরতি বর্তমানে স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে কর্মবিরতি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি জানান, বন্দরের পরিচালকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। যাতে সাড়ে ৫৭ টাকার বিপরীতে ৮০-১০০ টাকা আদায়, পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানির বিষয়টি তুলে ধরা হয়। তিনি প্রাথমিকভাবে বেশি টাকা আদায়ের বিষয়টি অবহিত নন বলে জানান। আশ্বাস দেন এটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। জানা গেছে, শ্রমিক নেতা মোকতার হোসেনের কাছ থেকে গেট পাসের ফি বাবদ বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। বিকেল চারটার দিকে বন্দরের ৫ নম্বর গেটে মারধরের এ ঘটনা ঘটে। এরপর কর্মবিরতি ঘোষণা করেন পরিবহন শ্রমিকেরা। ফলে কনটেইনার পরিবহনে অচলাবস্থা তৈরি হয়। এই বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গেট পাস ইস্যুতে পরিবহন শ্রমিকদের সঙ্গে একটু বাগ্?বিতণ্ডা হয়েছে। বিষয়টি নিয়ে বন্দরের নিরাপত্তা বিভাগে আলোচনা হয়েছে। এরপর কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকেরা।