বিস্কুট কারখানাকে জরিমানা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি

বিস্কুট তৈরিতে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ হাইড্রোজ ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং।
কারখানার পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। বগুড়ার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এসব অনিয়ম ধরা পড়ার পর দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় গ্রিন অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চারিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। সূত্র জানায়, জেলা প্রশাসক বগুড়ার সার্বিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে কারখানাটিতে একাধিক অনিয়ম ধরা পড়ে।
এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, রাসায়নিক ফ্লেভার ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রঙের ব্যবহার।
এ ছাড়া খাদ্যে ব্যবহার নিষিদ্ধ হাইড্রোজ, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার, মোড়কে ভুল উপাদান ঘোষণা এবং ব্যাচ নম্বর না দেওয়ার প্রমাণ পান আদালত।
সেই সঙ্গে কারখানার কর্মীরাও মানছিলেন না স্বাস্থ্যবিধি।
অভিযোগ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি অপরাধের ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নোটিশ পাঠিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়।
অভিযান পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত ছিল। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ভোক্তাস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
