চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ আটক তিন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন।
এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। অবশেষে আজ সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
