রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ৮০ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ৮০ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। দায়েরকৃত ৫৮টি মামলার মধ্যে ৪টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ৫৪টি অন্যান্য খাতে নথিভুক্ত হয়েছে।

তবে এ সময়ে খুন, ডাকাতি, দস্যুতা, চুরি বা সাইবার সুরক্ষার মতো গুরুতর অপরাধের কোনো মামলা হয়নি, যদিও ৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত ৮০ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ২৮ জন, সাজাপ্রাপ্ত ৭ জন, তদন্তাধীন মামলায় ৩৮ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ৭ জন রয়েছেন।

এর বাইরে মাদক অপরাধে আরও ২০ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় পুলিশ ১১টি অবিস্ফোরিত ককটেলসহ বিভিন্ন ককটেল সদৃশ বস্তু ও অংশবিশেষ এবং ১ গ্রাম হেরোইন, ৩১৭ পিস ইয়াবা, ২৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। এছাড়া ২৪ ঘণ্টায় ৮১৪ জন এবং চলতি মাসে মোট ১,০৪৭ জন সেবা প্রার্থীকে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।