সিলেটে বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রে ২০০ প্রশিক্ষণার্থীর
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট প্রতিনিধি
'দক্ষ চালক, নিরাপদ সড়ক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্রে মোটরযান চালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ২০০ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সিলেটের বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের (বিআরএসপি) আওতায় দ্বিতীয় ধাপের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ডালিম উদ্দিন। বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন ও প্রশিক্ষণ) মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে ও বিআরটিসি সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক আজাদ হোসেন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালকের বিকল্প নেই। শুধু গাড়ি চালানো জানলেই একজন চালক দক্ষ হয়ে ওঠেন না। সড়ক আইন, যানবাহনের যান্ত্রিক বিষয়, ট্রাফিক সংকেত, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে করণীয় এবং পথচারী ও অন্য যানবাহনের প্রতি দায়িত্বশীল আচরণ সম্পর্কেও চালকদের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।
তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। একজন চালকের সামান্য অসতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করতে হবে।
