প্রস্থেটিক ও অর্থোটিক সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের অংশীদারিত্ব স্বাক্ষর

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রস্থেটিক ও অর্থোটিক (P&O) সেবা নিশ্চিত করতে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিআরপি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি এ. টেইলর। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রস্থেটিক ও অর্থোটিক ডিভাইস, পুনর্বাসন সেবা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানে অর্থায়ন করবে। এর আওতায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও মানসিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বহুমাত্রিক পুনর্বাসন সেবা প্রদান করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি