অনলাইনে বন্ধুত্বের ফাঁদ

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে মাটিচাপা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলামকে হত্যার ঘটনায় মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে রাকিবের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মামুনের।

পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রাকিবকে কৌশলে বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে রাকিবের ঘাড় মটকে দেন মামুন। এতে তার মৃত্যু হলে মরদেহ কার্টুনে ভরে নীলফামারীর ডিমলায় নিয়ে মাটিচাপা দেওয়া হয়।

গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রাইম প্রিভেনশন (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি জানান, রাকিব পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে থেকে এইচএসসি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এ জন্য তিনি ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাকিবের পরিবারের কাছে বিভিন্ন ফোন নম্বর ও অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।