আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি বলেন, শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল শুক্রবার বিকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ।
তার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন জাতির স্কন্ধে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটে।
তিনি বলেন, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তার আত্মত্যাগ সম্পর্কে জানতে সহায়তা করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ পথ দিয়ে যারা চলাচল করবেন, তারা আবু সাঈদকে অনুভব ও উপলব্ধি করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নোতারা উপস্থিত ছিলেন।
