রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর জেলা প্রাণীসম্পদ দপ্তর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দপ্তরে ফিরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনটি রংপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়াল্ডর্স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজকসহ উপস্থিত সকলের পরনে ছিল একই রঙের টি-শার্ট। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার। সভায় জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মুহা. নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিআইপি শাহাদাৎ গ্রুপের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন (ভিআইপি), শাকিল পোল্ট্রি ফার্মের সত্বাধীকারী মাহবুব আলম, হাসমুরগি খামারের উপ পরিচালক কুষিবিদ সাইফুল ইসলামসহ প্রাণিসম্পদ দপ্তরে জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে প্রয়োজনীয় আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে ডিমের ভূমিকা অপরিসীম। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত একটি বা দুটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারে ডিমের সঠিক মূল্য নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডিমের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।