দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

সাইকেল চালানোর জন্য আলাদা পথ, এমন সুবিধা এত দিন দেশের কোনো নগরে ছিল না। এবার চট্টগ্রামের পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরের পতেঙ্গা এলাকার বিমানবন্দর সড়কে নির্মিত এই ট্র্যাকের উদ্দেশ্য, সাইকেল চালকদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরি করা। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা এবং নগরবাসীর শরীরচর্চার সুযোগ বাড়ানো। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা।
উদ্বোধনের পর আয়োজিত সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়, অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন, দৈনন্দিন কাজ করেন। তাদের জন্য নিরাপদ চলাচলের জায়গা থাকা প্রয়োজন। অর্থমন্ত্রী বলেন, 'এগুলো একটি নাগরিকের দৈনন্দিন জীবনের চাহিদা। এটা কোনো বিলাসিতা নয়। দৈনন্দিন জীবনের চাহিদা। একটি সভ্য দেশে, উন্নত দেশে সাধারণ নাগরিকের এগুলো চাহিদা। এগুলো আমাদের পূরণ করতে হবে। সবার জন্য জায়গা সৃষ্টি করতে হবে।' তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার যে লক্ষ্য, তার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন, কিন্তু সাইকেল চালাতে হলে রাস্তায় নিরাপদ জায়গা প্রয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। এতে মানুষ সাইকেলে করে যাতায়াতের পাশাপাশি বিনোদন ও শরীরচর্চার সুযোগ পাবেন। সাইকেল চালানোর জায়গা তৈরির পাশাপাশি হাঁটার উপযোগী পথ নির্মাণের ওপরও গুরুত্ব দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জায়গার অভাবে অনেকে হাঁটতে পারেন না, ঘরবন্দী হয়ে থাকেন। এ জন্য যেখানে সম্ভব, সেখানে হাঁটার পথ তৈরি করতে তিনি মেয়রকে অনুরোধ করেছেন। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের কথাও বলেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত। বিমানবন্দর সড়কে নগরবাসীর জন্য এই সুবিধা তৈরি করা হয়েছে। মেয়র বলেন, ট্র্যাকটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ।
