ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন গ্রেপ্তার ও ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৮২, তেজগাঁও বিভাগ ৭৯, মিরপুর বিভাগ ৯০, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১১ ও সিটিটিসি এক জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুই ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
