'ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪ ২০২৫'-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গত শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালের জন্য দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও প্রাবন্ধিক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও ২০২৫ সালের জন্য কথাসহিত্যিক সেলিনা হোসেনকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। 'ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪'-এ আবুল আহসান চৌধুরী 'বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ' গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে; আনোয়ারা সৈয়দ হক 'সময় বহিয়া গেল' গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং নিজাম বিশ্বাস 'জলমাকড়ের নৌকাবাইচ' গ্রন্থের জন্য 'তরুণ সাহিত্যিক পুরস্কার' শ্রেণিতে বিজয়ী হন। 'ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৫'-এ নাসরীন জাহান 'পালকের চিহ্নগুলো' গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে; শাহীন আখতার 'মানচিত্র' গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং মাহবুব ময়ূখ রিশাদ 'সায়ানাইড ফুল' গ্রন্থের জন্য 'তরুণ সাহিত্যিক পুরস্কার' শ্রেণিতে বিজয়ী হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
