সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত তিন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সি মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট নগরের শাহপরান এলাকার সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সি মেয়ে ইনায়া জান্নাত। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সাদাপাথর পরিবহনের একটি বাস ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সিলেটের এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, ভোলাগঞ্জ থেকে সিলেট শহরের উদ্দেশে আসা সাদাপাথার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সরাসরি ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান।