স্ত্রীরোগ ও বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরার ইন্তেকাল
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সহধর্মিণী ও বিএমএ'র আজীবন সদস্য বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার আনুমানিক সকাল ১০:৪৫টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি দূরারোগ্য ক্যান্সাররোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, পরিবার পরিজন, বন্ধু স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. ইফফাত আরা ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি ও ১৯৯০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনেকোলজিতে এফসিপিএস ফেলোশিপ অর্জন করেন।
তিনি কর্মজীবনে দীর্ঘসময় ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগে অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে মরহুমা ডা. ইফফাত আরার বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
