সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার ভোর রাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মনরতল বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বদরুল আলম স্থানীয় হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। হামলার ঘটনার সময় বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার যাওয়ার পথে গোরাগ্রাম এলাকায় কয়েকজন রাস্তা অবরোধ করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বদরুল ও তিনি তাদের বাধা দেন। এ সময় দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বদরুল ও সাদেকের ওপর হামলা চালানো হয়। সাদেক কোনোমতে প্রাণে বাঁচলেও অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান বদরুল আলম। পরে স্থানীয়রা তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।