ভিসা প্রতারণায় দায়ে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে
—মন্ত্রী আরিফুল হক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভিসা প্রতারণা ও রিক্রুটিং এজেন্সির জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভিসা প্রতারণায় জড়িত থাকার দায়ে ইতোমধ্যে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি সংস্থাকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হচ্ছে। প্রতারণা এড়াতে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার বাড়ানোর পরামর্শ দেন।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ 'শ্রম কল্যাণ কমপ্লেক্স' পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
?এ সময় ?তিনি সৌদিআরবে বসবাসত বাংলাদেশীদের নিরাপত্তায় জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে বা সমস্যায় বাংলাদেশ দূতাবাসের নির্দিষ্ট নম্বরে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে।
?এ?ছাড়াও অনেক ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে বিদেশে শ্রমিক পাঠাচ্ছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরো বলেন, রিক্রুটিং এজেন্সির কাজ ট্রাভেল এজেন্সি করতে পারে না, এটা তাদের এখতিয়ারভুক্ত নয়। এ খাতের সার্বিক শৃঙ্খলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন প্রবাসীরা।
এরআগে তিনি কমপ্লেক্সটি ঘুরে দেখেন এবং দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ও বন্দর থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি পরিদর্শন করেন।
