আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্ব নিল নতুন নেতৃত্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আইএসইউ স্পোর্টস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা ও ক্লাবের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আইএসইউ স্পোর্টস ক্লাবের মডারেটর মোহাম্মদ আবু নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, একটি ক্লাব শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবের কার্যক্রম সফল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আইএসইউ স্পোর্টস ক্লাবকে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
