ডেঙ্গু প্রতিরোধে 'ক্লিনিং ডে' উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত প্রতি শনিবার সাপ্তাহিক 'ক্লিনিং ডে' উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরেজমিন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে গ্রিনরোড ও আজিমপুরের সরকারি আবাসন এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী এলাকার মূল সড়ক এবং আশপাশের সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
