ব্র্যাক ইউনিভার্সিটি ও ইডকল বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে একসঙ্গে কাজ করবে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতের জন্য পেশাগত ও বিশেষায়িত শিক্ষা কার্যক্রম যৌথভাবে চালু করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। গত রোববার এই বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের আওতায় এক সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম তৈরি ও পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল) এর শিক্ষা ও গবেষণার সক্ষমতা রয়েছে। অন্যদিকে, অবকাঠামো খাতে অর্থায়ন ও টেকসই বিনিয়োগে ইডকলের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণ কার্যক্রমগুলো তৈরি করা হবে। প্রাথমিকভাবে কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রকল্পের অর্থায়ন, আর্থিক মডেলিং এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের নকশা ও বাস্তবায়ন। এ ছাড়া সাপ্লাই চেইন ও লজিস্টিকস পরিচালনার ওপরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরিবেশবান্ধব লজিস্টিকসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি