চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন নামে এক মাদক কারবারিকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম এসব তথ্য জানান। আটক রুহুল আমিন পাবনার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি ট্রাক কোতোয়ালি হয়ে সাগরিকার দিকে যাচ্ছে— গোপন সূত্রে এমন তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ডিটি রোডে চেকপোস্ট স্থাপন করা হয়। একপর্যায়ে ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রুহুল আমিনকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা, জব্দ করা ট্রাক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।