সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটিয়ে হত্যা- আটক ১
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে আলম শেখ (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু চুরির সন্দেহে অজ্ঞাতপরিচয় কয়েকজন আলম শেখকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান তারা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে।
