ময়মনসিংহ একই দিনে শালা-দুলাভাইয়ের মৃত্যু

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পর একই দিনে শালা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার মাঝিয়ালী গ্রামের শুভুদ চন্দ্র দাস (৪০) এবং তার শ্যালক নেত্রকোনা সদর উপজেলার টিহুরিয়া গ্রামের চন্দন চন্দ্র দাস (২৫)। এলাকাবাসী জানান, প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন শুভুদ চন্দ্র দাস। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন বলে দাবি তাদের। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। দুলাভাইয়ের মৃত্যুসংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েন চন্দন চন্দ্র দাস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, দুজনই স্ট্রোকে মারা গেছেন।