রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল ক্রোক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গতকাল শনিবার ডিএসসিসির সাপ্তাহিক 'ক্লিনিং ডে' উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়। আবদুস সালাম বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অবৈধ হকার ও ভাসমান দোকান অনেকাংশে দায়ী। নগরবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে রাস্তা ও ফুটপাত দখলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী সপ্তাহেই সেখানে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে। অভিযানকালে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি স্থানান্তর করা হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানায়, সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানটি শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
