শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় রোববার সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ হাজার ৫০০ লিটার অবৈধ অপরিশোধিত পামওয়েলসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি