মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে বিভাগীয় পুলিশ হাসপাতালের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা, মানসিক সুস্থতা বজায় রাখা এবং পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।