চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

জেলার চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমদ। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান সিফাত, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান সবুজ, মঞ্জুর ইসলাম ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসআরবি'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় চট্টগ্রামের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি আলমগীরকে গ্রেফতারের জন্য গত শনিবার বিকেলে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় সংস্থাটির একটি দল। এসময় গ্রেফতার এড়াতে আসামি আলমগীর চিৎকার করে তার ৪০ থেকে ৫০ জন সহযোগীকে জড়ো করেন।