একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করায় পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যৌথ অভিযানে বাসগুলোর মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোন যৌথভাবে এ অভিযান চালায়।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিআরটিএর অনুমোদিত আকার ও নকশা পরিবর্তনের দায়ে বাসগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত স্লিপার এসি বাসের বিরুদ্ধে আমাদের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার। এর আগে গত ১৫ অক্টোবর একই ধরনের অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের চারটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
