অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন না করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অবৈধ ফুটপাত দখলের পক্ষে যতই যুক্তি বা অজুহাত দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ও বিকাল ৩টা ৩০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এর মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সম্পূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ডিএসসিসি প্রশাসক। বারবার অভিযানের পরও হকাররা পুনরায় কীভাবে ফিরে আসে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
