অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২+২ ও ৩+১ শিক্ষাপথ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। গত বুধবার অস্ট্রেলিয়ার উলংগংয়ে ইউওডব্লিউর মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত এক বৈঠকে এ সমঝোতা হয়। ডিআইইউর পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সমঝোতার আওতায় ডিআইইউর ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনিউরশিপ, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস (বিএ) ইন ইংলিশ এবং ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) প্রোগ্রামের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ২+২ শিক্ষাপথে শিক্ষার্থীরা ডিআইইউতে দুই বছর অধ্যয়নের পর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ে-তে পরবর্তী দুই বছর পড়াশোনা করবেন। অন্যদিকে, ৩+১ শিক্ষাপথে ডিআইইউতে তিন বছর অধ্যয়নের পর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ে-তে এক বছর অধ্যয়নের সুযোগ থাকবে। উভয় শিক্ষাপথই সংশ্লিষ্ট প্রোগ্রামের অনুমোদন, ক্রেডিট স্থানান্তর ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও একাডেমিক শর্ত পূরণের ওপর নির্ভরশীল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
