মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক দুই

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সূত্রে জানতে পারেন যে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নাজিরাকোনা বিওপির হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস আভিযানিকদল উক্ত এলাকায় আগে থেকেই কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর ১২.৪০ ঘটিকায় দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তাদের আটক করতে সক্ষম হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি