বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সোমবার সকালে টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। চরকাউয়া ইউনিয়নের এ বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার— এ ছয়টি রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে রওনা হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কয়েকদিন পরপর বাস ধর্মঘটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেছেন তারা। যাত্রী সোহরাব হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। আরেক যাত্রী আমেনা খাতুন বলেন, গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে হলে তাকে বাড়তি ভাড়া গুনতে হবে। এর আগে গত রোববার চরকাউয়া বাস টার্মিনালে বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এসময় সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা।

তাদের দাবি, থ্রি-হুইলারের কারণে সড়কে বাস দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশা চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।