ময়মনসিংহে বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

গতকাল সোমবার দুপুর ১২টা থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ১১টি অবৈধ দোকান বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ১০ দিন আগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয় সিটি কর্পোরেশন থেকে। প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযান শেষে সিটি প্রশাসক জানান, ময়মনসিংহের কেন্দ্রীয় বাস টার্মিনাল হোল মাসকান্দা বাসটার্মিনাল, এখানে গাড়ি পার্কিং, চালকদের বিশ্রামের জায়গার অভাবসহ যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

উচ্ছেদের পর যাত্রী-চালকদের সুবিধায় বিশ্রামাগার, ওয়াশরুম, মসজিদ, নারীদের বিশ্রামের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত স্থাপনার ব্যবস্থাসহ টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে। এছাড়া উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আলাদা দোকান বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান সিটি প্রশাসক।