নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সৌন্দর্যবর্ধনে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এতে নগরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার নগর ভবন মিলনায়তনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) উদ্যোগের আওতায় ডিএসসিসি'কে ৩০০টি টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, নগর উন্নয়নে ব্যাংক, বিমা ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সড়ক বিভাজক ও উন্মুক্ত স্থানে সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, নগরবাসীকে সচেতন করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকাও অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দেওয়া ৩০০টি আধুনিক ওয়েস্ট বিন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে নাগরিকদের উৎসাহিত করবে।

নগরীর বিভিন্ন স্থানে এসব ওয়েস্ট বিন ব্যবহারের মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উদ্যোগকে আরও কার্যকর করার প্রত্যাশা করছে ডিএসসিসি। 'আমার শহর আমার দায়িত্ব, আমি বদলাই ঢাকা বদলাবে'-এই প্রত্যয়কে সামনে রেখে নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করছে সংস্থাটি।

অনুষ্ঠানে ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, ডিএসসিসির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।