পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। আর শিল্প পুলিশের প্রধান করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফারুক আহমেদ।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
