নিরবচ্ছিন্ন পানি সরবরাহে নলকূপ স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ কর্মসূচির আওতায় নতুন করে ৮৫টি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, 'চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্পের' আওতায় ওয়াসার নিজস্ব ও বিশ্বব্যাংকের প্রকল্পভিত্তিক অর্থায়নে এসব নলকূপ স্থাপন করা হচ্ছে। বাস্তবায়নাধীন ৮৫টি গভীর নলকূপ স্থাপনের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯২১ কোটি টাকা। ইতোমধ্যে ৮৫টি গভীর নলকূপের মধ্যে ওয়াসার অর্থায়নে নগরীতে ৭টি নলকূপ বসানোর কাজ শেষ হয়েছে এবং সেগুলো চালু রয়েছে। এ কর্মসূচির মূল লক্ষ্য পুরোনো পানির পাইপলাইন আধুনিকায়ন, পানির অপচয় ও সিস্টেম লস কমানো, পানি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ৯০ হাজার স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে অবৈধ পানির সংযোগ নিয়ন্ত্রণ করা। নগরীর উঁচু ও প্রান্তিক এলাকাগুলোতে পানির ঘাটতি নিরসনে বিশেষ পরিকল্পনার আওতায় এসব নলকূপ স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৬০টি 'চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্পের' আওতায় এবং বাকি ২৫টি ওয়াসার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি গভীর নলকূপ থেকে দৈনিক ১০ লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে। তিনি বলেন, কালুরঘাট এলাকায় ৩০টি নলকূপ স্থাপন করা হবে। এসব নলকূপের পানি পাম্পের মাধ্যমে বহদ্দারহাট স্টেশনে নিয়ে সেখান থেকে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। এছাড়া যেসব উঁচু এলাকায় দীর্ঘদিন ধরে পানির চাপ কম এবং সরবরাহে ঘাটতি রয়েছে, সেসব এলাকাতেও নলকূপ স্থাপন করা হবে।