'দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬' পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছেন ১৭ বছরের কিশোরী সুহানা রহমান সুকন্যা। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা 'দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬'। সে ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এই অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সুহানা রহমান সুকন্যাকে পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই পুরস্কারের সঙ্গে যুক্ত। প্রয়াত ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের স্মৃতি ও মানবিক দর্শনকে ধারণ করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় দ্য ডায়ানা অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তন, মানবিক উদ্যোগ, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে অসাধারণ অবদান রাখা তরুণদের এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কারটি শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেয় না, বরং তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তনের গুরুত্বও তুলে ধরে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি