এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। গতকাল রোববার এসআরবি সদর দপ্তরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে সেখানে তার যোগদান উপলক্ষে স্বাগত দরবার অনুষ্ঠিত হয়।
দরবারে এসআরবির নতুন মহাপরিচালক সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি দেশের জননিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য সব পর্যায়ের সদস্যদের নির্দেশ প্রদান করেন।
ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাবের অতিরিক্ত মহাপরিচারক (প্রশাসন) এবং সর্বশেষ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন।
