কিউএস র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় গাকৃবি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গবেষণার মান, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান পরিচিতির স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ সূচকে ৬১.৮ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে। ৬৩ স্কোর নিয়ে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আন্তর্জাতিক র্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) সম্প্রতি তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণামুখী শিক্ষা, শিক্ষক-গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অগ্রযাত্রার একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
