চসিকের ৬ কর্মকর্তা ও ২ ডিপো মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স মূল্যায়নে জালিয়াতি করে ১৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে করপোরেশনের ছয় কর্মকর্তা ও দুটি বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১'র উপপরিচালক মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটিতে চসিকের রাজস্ব সার্কেল-৮'র কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে আসামি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে সিটি করপোরেশনের বার্ষিক কর মূল্যায়ন পরিবর্তন করে হোল্ডিং ট্যাক্স ফাঁকির অভিযোগে দণ্ডবিধির ৪৭৭(ক), ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম। দুদক সূত্রে জানা যায়, ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে করা ৩ নম্বর মামলায় চসিকের কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ছাড়াও অবসরপ্রাপ্ত উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মো. মনজুর মোরশেদ, রাজস্ব সার্কেল-৭'র হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং বেসরকারি কন্টেইনার ডিপো ইনকনট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুনকে আসামি করা হয়েছে। ইউসুফ আবদুল্লাহ হারুন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য। অন্যদিকে, একই পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগে ৪ নম্বর মামলায় নুরুল আলম ছাড়াও চসিকের রাজস্ব সার্কেল-৭'র উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন, রাজস্ব সার্কেল-৮'র হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং বেসরকারি কন্টেইনার ডিপো মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চসিকের কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আপিল ফরম (পি ফরম) ও ফিল্ড বুকের মূল্যায়নে জালিয়াতি করেন। নথিতে নির্ধারিত অঙ্কের শুরুতে থাকা '২' সাদা ফ্লুইড দিয়ে মুছে দিয়ে পরিবর্তিত অঙ্ক ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে তা রিভিউ বোর্ডে উপস্থাপন করা হয়।