পেট্রোলপাম্পে ভয়ংকর জালিয়াতি উদ্ঘাটন করেছে বিএসটিআই

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পরিমাপে ভয়াবহ কারচুপির অপরাধে রাজধানীর মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের ৫ লাখ টাকা জরিমানা এবং ৩টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অভিযানকালে বেগম রোকেয়া সরণির ২২০/এ-২, পশ্চিম কাফরুলে অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি