মার্চে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প শেষ এপ্রিল থেকে হস্তান্তরের রোডম্যাপ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ পুরোপুরি শেষ করে এপ্রিল থেকে হস্তান্তরের রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সর্বশেষ ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি কাজ শেষে রক্ষণাবেক্ষণ এবং খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার আন্তঃসংযোগ নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার। গত সেপ্টেম্বর মাসে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে অনুষ্ঠিত সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রকল্প শেষ হওয়ার পর সেটি কীভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে, পানি কীভাবে প্রবাহিত হবে এবং ছোট-বড় খাল, ড্রেন ও অন্যান্য জলপ্রবাহের মধ্যে কীভাবে কার্যকর সংযোগ থাকবে- এসব বিষয়ও পরিকল্পনার শুরুতেই বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল।
আগের পরিকল্পনায় সমন্বিত ব্যবস্থাপনার ঘাটতি থাকায় এখন বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করতে হচ্ছে বর্ণনা করে মন্ত্রী বলেন, অতীতের সীমাবদ্ধতা নিয়ে পড়ে না থেকে বর্তমানে যে অবকাঠামো তৈরি হয়েছে, সেটিকে কার্যকর ও টেকসই করার দিকে নজর দিতে হবে। ভবিষ্যতে যাতে একটি প্রতিষ্ঠানের কাজ অন্য প্রতিষ্ঠানের কাজের সঙ্গে বিচ্ছিন্ন না থাকে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী জানান, আগামী মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা এবং এপ্রিল থেকে প্রকল্প হস্তান্তর করতে এরই মধ্যে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। তিনি বলেন, প্রকল্পের কাজ শেষে এপ্রিল মাস থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যার মধ্যে কারিগরি জ্ঞান বিনিময় ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে। এরপর এই প্রকল্পের দায়িত্ব বুঝে নেবে চসিক।
প্রকল্প পরিচালক আরও বলেন, গত ২৩ সেপ্টেম্বর চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের মতবিনিময় সভায় আমি এই রোডম্যাপ উপস্থাপন করেছি। এরমধ্যেই প্রকল্পের কাজ ৯২ শতাংশের বেশি শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার জন্য ঠিকাদাররা এখন পুরোদমে কাজ করছে। তিনি বলেন, আমাদের হিসাব অনুযায়ী মার্চের শেষ সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হবে এবং এপ্রিলের শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের সাথে সিটি কর্পোরেশনের প্রকল্প হস্তান্তরের কাজ শুরু হবে।
প্রকল্প পরিচালক জানান, ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি পাঁচটি খালের কাজ ৯৮ শতাংশ সম্পন্ন হলেও এবছর আগাম বর্ষার কারণে কিছু ফিনিশিং কাজ বাকি ছিল। সেগুলোর কাজ এখন চলমান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে। পাশাপাশি বর্ষার কারণে বন্ধ থাকা হিজড়া খালের খনন কাজও এখন চলমান।
মার্চের মধ্যে অবশিষ্ট রিটেইনিং ওয়াল, ব্রিজ ও তিনটি সিল্ট ট্র্যাপের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী আরও বলেন, প্রকল্প হস্তান্তর পর্যায়ে আমরা গত আট বছরে কাজ করতে গিয়ে যেসব টেকনিক্যাল জ্ঞান অর্জন করেছি এগুলো চসিকের সাথে শেয়ার করব। যেমন সংস্কারকাজ শেষ করা খালগুলোতে যেসব জটিলতা আমরা মোকাবিলা করেছি, সেসব তাদের জানানো হবে। তিনি বলেন, কাজগুলো করতে কী কী যন্ত্রপাতি লাগবে ও তা কীভাবে ব্যবহার করতে হবে সেগুলোও তাদের জানাব। রেগুলেটরগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ বা মেরামত করতে হবে, কখন চালাতে হবে ও কীভাবে রুটিন চেকআপ করতে হবে সেসব বিষয়গুলোও তাদের জানানো হবে।
প্রকল্প পরিচালক বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর শেষে সিটি কর্পোরেশন এই প্রকল্পের দায়িত্বে থাকবে। এই বিষয়ে আমরা তাদের একটা প্রস্তাবনা দিয়েছিলাম। তারা রক্ষণাবেক্ষণের কাজের জন্য যদি আমাদের কাছে এক বছর বা তার বেশি সময় চায়, তাহলে সেটার জন্য এখনই যেন ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) প্রস্তুত করে। আর যত তাড়াতাড়ি সম্ভব মন্ত্রণালয় থেকে এর অনুমোদন নিয়ে আসে।
প্রকল্প পরিচালক জানান, খালগুলো পুনর্দখল রোধে প্রকল্পের আওতায় রিটেনিং ওয়াল নির্মাণ করা হয়েছে, যা খালের সীমানা স্থায়ীভাবে সুনির্দিষ্ট করেছে। এ ছাড়া খালের ময়লা পরিষ্কারের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি যেমন এক্সকভেটর বা ডাম্পার চলাচলের জন্য খালের পাশে সার্ভিস রোড তৈরি করা হচ্ছে। এই রাস্তার পাশে বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন করা হবে, যাতে নগরবাসী সেখানে বিকালে হাঁটাহাঁটি করতে পারেন ও শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
সেনাবাহিনীর হস্তান্তরের রোডম্যাপ ও প্রকল্প গ্রহণ সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, 'সিডিএর পক্ষ থেকে বিভিন্ন সময়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর আমরা প্রকল্পটি রক্ষণাবেক্ষণের জন্য গ্রহণ করব। তিনি আরও বলেন, সম্প্রতি সিডিএ থেকে প্রকল্পের কাজ শেষে আমাদের গ্রহণের জন্য বলা হয়েছে। এ বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। কীভাবে প্রকল্পটি বুঝে নিয়ে আগামীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করা যায় তা নির্ধারণ করা হবে।
২০১৭ সালের ৯ আগস্ট ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে সিডিএ'র 'চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন'— শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নের সময় শেষ হয় ২০২০ সালের জুন মাসে। সর্বশেষ অনুমোদন পাওয়া নতুন আরডিপিপি অনুযায়ী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ব্যয় ৮ হাজার ৬২৬ কোটি টাকা এবং সময় ২০২৭ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৮ সালের ৯ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করে সিডিএ। এরপর ২৮ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়।
