ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু'দিনব্যাপী সেলস কার্নিভাল শুরু

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং আত্ম-কর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের উদ্যোগে দু'দিনব্যাপী 'সেলস কার্নিভাল' আজ ১১ নভেম্বর ২০২৬ বুধবার বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. শেহেলী পারভীন-সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারী কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয়। এই প্রচলিত মানসিকতা থেকে তাদের বের হতে হবে। মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যাতে স্টার্টআপ তৈরির মাধ্যমে তারা নিজের ও অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আমরা যদি একটি পরিশ্রমী জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, তাহলেই দেশের সামগ্রিক আর্থ-সামাজিক চিত্র পরিবর্তন করা সম্ভব। আমাদের কৃষিপ্রধান দেশকে ক্রমান্বয়ে শিল্প ও প্রযুক্তিভিত্তিক দেশে পরিণত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সেলস কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এটি শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক জ্ঞানার্জনে সহায়ক ভূমিকা পালন করবে। শিল্পখাতের প্রকৃত চাহিদা অনুযায়ী প্রচলিত একাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার উপর তিনি গুরুত্বারোপ করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, দু'দিনব্যাপী সেলস কার্নিভালে দেশের ২১ টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্টলসমূহ ঘুরে দেখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি