শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে হবে

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গত বৃহস্পতিবার নগরীর দোহা ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত 'সায়েন্স ফেয়ার-২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগরী গড়ে তোলা বর্তমান প্রজন্মের দায়িত্ব।

এ জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে হবে। নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।

চসিক প্রশাসক বলেন, একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধু কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি আমাদের সবার শহর। এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। দোহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।