অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক কোস্ট গার্ডের

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) গতকাল শনিবার রাত ৩টায় অপারেশন 'কোরাল দ্বীপ'-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২,২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি