কুমিল্লায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা, স্বাস্থ্যঝুঁকি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বিভিন্ন এলাকায় রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছে কলা। এসব কলা নগরীর স্টেশন রোডের কয়েকটি আড়ত থেকে সরবরাহ করা হচ্ছে চকবাজার, বাদশা মিয়ার বাজার, নিউমার্কেট, রাজগঞ্জ বাজার, কান্দিরপাড়, ছাতিপট্টি ও শাসনগাছাসহ জেলার বিভিন্ন বাজার ও দোকানে।
শুধু জেলা শহরেই নয়, উপজেলার হাটবাজারগুলোতেও অবাধে বিক্রি হচ্ছে রাসায়নিক দিয়ে পাকানো এসব কলা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ।
চলতি মৌসুমে পাকা কলার চাহিদা বেড়ে যাওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার দ্রুত কলা পাকাতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলার বিভিন্ন হাটবাজার ও কলার আড়ত ঘুরে দেখা যায়, কাঁচা কলা দ্রুত পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। আড়তগুলোতে কলার কাঁদি সাজিয়ে বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে বা মিশ্রণ প্রয়োগ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলা ব্যবসায়ী জানান, বাগান থেকে কাঁচা কলা কেনার পর দ্রুত বাজারে বিক্রির উপযোগী করতে রাসায়নিক ব্যবহার করা হয়। এতে মাত্র এক দিনের মধ্যেই কলার খোসা হলুদ ও নরম হয়ে যায়।
