সন্ত্রাস-নাশকতা ঠেকাতে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর নগরীর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব প্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্ত্রাস দমনে গতকাল সোমবার সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। এদিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা দুই সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তার ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেও এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। তিনি আরও বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে।